সুলতানা'স ড্রিম

 


সুলতানাস ড্রিম নামের অ্যানিমেশন ফিল্মটা এক বসায় দেখে ফেললাম গত সপ্তাহে। এটার খোঁজ পাওয়াটা কাকতালীয়ই বলা যায়। অন ডিমান্ড অ্যাপে বেঙ্গলি লিখে সার্চ দিতেই দেখি চলে এলো সাবা, ঢাকা এটাক, বাড়ির নাম শাহানা, এই মুভিগুলো। সাথে এই সুলতানাস ড্রিম। বাড়ির নাম শাহানা দেখব নাকি সুলতানাস ড্রিম, এই নিয়ে ভাবতে ভাবতে দেখি এটাতেই ক্লিক করে ফেলেছি।

ইদানিং বই বা মুভি পড়া বা দেখার আগে বেশি খোঁজ খবর করি না। এআই এর উৎপাতে রিভিউ দুনিয়া এখন রীতিমত পঙ্কিল হয়ে গেছে। যেকোনও কিছু নিয়েই এত এত তথ্য আর মতামত যে ক্লান্তি চলে আসে। এসব এড়িয়ে যাই, কারণ এছাড়া একটা সহজ প্রত্যাশা নিয়ে কোনও কিছু উপভোগ করার আর কোনও উপায় নেই।
এই মুভিটা নিয়েও তেমন কিছু জানা ছিলো না। দেখতে দেখতেই বুঝলাম, সুলতানার স্বপ্নের মূল গল্পটা ফিল্মের গল্প নয়, বরং সেটিকে এক ধরনের ট্রিবিউট করে এগিয়েছে ফিল্মের গল্প।
শিল্পে এ ব্যাপারটা খুব অপ্রচলিত কিছু নয়। মনে আছে আন্ডার গ্র্যাডে একবার জীবনীভিত্তিক essay লিখতে গিয়ে আমি বেছে নিয়েছিলাম রাশান একজন সাংবাদিককে। আনা স্টেপানোভনা পলিতকভ্সকায়া। চেচনিয়ার যুদ্ধ নিয়ে তাঁর লেখা কিছু রিপোর্ট পড়ে প্রথম আনা-র পাঠক হই। পরে পড়ার পরিধি বেড়ে গেলে মুগ্ধতাও বাড়ে। তো, তাঁকে নিয়ে কীভাবে লিখব, আত্মজীবনীর মতো করে? ভাবতে ভাবতেই হাতে এলো একই পত্রিকায় কাজ করতেন এরকম আরেকজন সাংবাদিকের স্মৃতিচারণ। সেই লেখাটা পড়ে আমি বুঝলাম, আনা-কে নিয়ে আমি যেভাবে লিখতে চাই, সেটার জন্যে আমার নিজেকে নিয়ে যেতে হবে তাঁর জীবনে। সেই essay অবশেষে আমি লিখছিলাম তাঁর সেই সহকর্মীর বয়ানে। যেন আমি আনা-র সাথে সেই একই পত্রিকা অফিসে কাজ করছি, খুব কাছ থেকে প্রতিদিন দেখছি তাঁকে, এবং তাঁর সাহসিকতাকে।
সুলতানাস ড্রিম ফিল্মের প্রধান চরিত্র একজন অ্যানিমেটর, যে গল্পটা পড়ে এটা নিয়ে একটা অ্যানিমেশন মুভি বানাতে চায়। এবং সে তখন খুঁজতে থাকে বেগম রোকেয়ার শেকড়। আমি ধারণা করি, এই মুভিটির নির্মাতা হয়ত নিজের ভাবনাটাই এভাবে ফিল্মে নিয়ে এসেছেন। ব্যাপারটা সত্যি কিনা, গুগল করলেই জানা যেত। কিন্তু সেটা করতে ইচ্ছে করলো না। আমি এখন কোনও অপরাধবোধ ছাড়াই “সেই সত্য যা রচিবে তুমি” ফর্মুলায় বিশ্বাসী।
ভালো লেগেছে ফিল্মটা। বিশেষ করে ছবি আঁকার স্টাইলটা খুব পছন্দ হয়েছে। এই স্টাইলের কারণেই হয়ত ইসাবেল হারগ্যেরার তৈরি আরও কিছু ফিল্ম খুঁজব দেখার জন্যে।

Popular posts from this blog

কাফকা

শেকসপিয়র অ্যান্ড কোম্পানি | আর্নেস্ট হেমিংওয়ে

ভাবছো তুমি সুতোর টানে নাচবে সবাই