এইসব সাদা কালো ফ্রেম-

আমার বাকশে থাকতো এতটুকু ছানা মিষ্টি,
আমার চোখের কোণে তোর আটকে থাকা মুখ
আমি বলতাম, বৃষ্টি!

ডাক শুনে হুঁ বলে তুই তাকাতি আমার দিকে,
তোর নীলচে সবুজ স্কার্টে বাদামী ধুলো-
তোর সাদা শার্ট আর সাদাটে ফুল চারদিকে

তোকে ডাকলাম কই, আমি বলতাম, বৃষ্টি নামবে দেখ।
তোর অবাক ভুরু- আচ্ছা পাজি তো-
তোর চোখে টলটলে মেঘ।

আমাদের বাড়ির ঠিক পাশেই, তোদের পাশের বাড়ি,
আমাদের পাশাপাশি ইশকুল, আমাদের রোদ্দুর কাড়াকাড়ি।

আমার তোবড়ানো স্যান্ডউইচ-
তোর বাকশের আলু পরোটা দিলে
আমরা পাশাপাশি বসে, কতগুলো দুপুর উড়ে উড়ে চলে।

আমার বাকশের গোল টিফিনের সাথে,
মাঝে মাঝে থাকতো আমার মন
তুই জানতি, ঠিকই টের পেতিস
তুই আঙুল ছুঁয়ে বসে থাকতি যখন।

সেই অনেক দূর থেকে ভেসে আসা এইসব সাদা কালো ফ্রেম
আমরা দূরান্তে বয়ে যাই, মনে পড়ে আমাদের টিফিন বেলার প্রেম।
-----------------------
২৭/০৮/০৯

Popular posts from this blog

কাফকা

শেকসপিয়র অ্যান্ড কোম্পানি | আর্নেস্ট হেমিংওয়ে

ভাবছো তুমি সুতোর টানে নাচবে সবাই